যা আছে জাহিদ হাসানের ভারতীয় সিনেমায়, ট্রেলারে দেখুন…

আপডেট : ১২ জুলাই ২০১৯, ০১:৫১ পিএম

ঢাকার ছোটপর্দার প্রিয়মুখ জাহিদ হাসান বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন এর আগে। বিশেষভাবে উল্লেখযোগ্য হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ ও ‘আমার আছে জল’। কলকাতার একটি সিনেমায় অভিনয় করেছেন সম্প্রতি। এই মাসেই মুক্তি পাবে ‘সিতারা’ নামের ছবিটি।

রাতের অন্ধকারে কাঁটাতার, সীমান্ত পাড়ি দেওয়া অনুপ্রবেশকারী, ফাঁদ-লালসা, নারী পাচারের কাহিনি ওঠে আসছে এ সিনেমায়।

যেখানে দেখানো হয়. ভুল সম্পর্কের ফাঁদে পা দিয়ে রোজ কত মেয়েরা বিকে যায়- শিকার হয় নেশাখোর, জুয়াড়ি স্বামীর। রাতের অন্ধকারে পণ্যের মতো হাত বদল হয়।

নারীদের যন্ত্রণার সেসব টুকরো টুকরো কাহিনি নিয়েই তৈরি হয়েছে ‘সিতারা’। নাম ভূমিকায় আছেন রাইমা সেন। তার বিপরীতে জীবন শেখ চরিত্রে অভিনয় করেছেন জাহিদ। আরও অভিনয় করেছেন বাংলাদেশের ফজলুর রহমান বাবু।

প্রখ্যাত লেখক আবুল বাশারের উপন্যাস ‘ভোরের প্রসূতি’ অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। পরিচালনা করেছেন আশিস রায়। শুটিং হয়েছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও কোচবিহারের বেশ কিছু গ্রামে।

স্বামী জীবন শেখের হাত ধরে একদিন রাতে কাঁটাতার পেরিয়ে সিতারা প্রবেশ করে ভারতে। তার অপরিণত মনে সন্দেহমাত্র উঁকি দেয়নি যে, স্বামী তাকে বেচে দেবে পরপুরুষের কাছে।

সেখানে মহাজন কবিরের কাছে সিতারাকে বিক্রি করে দেয় জীবন। যদি এর বিনিময়ে ব্যবসার হাল ফেরানো যায়। চক্রান্ত বুঝেই সেই খাঁচা থেকে বেরিয়ে আসার চেষ্টা চালায় সিতারা।

ঘটনাচক্রে পরিচয় হয় মানব নামে এক এনজিও কর্মীর সঙ্গে। প্রান্তিক মানুষগুলোর জন্য কাজ করতে গিয়ে মানবের সঙ্গে যুক্ত হয়ে পড়ে সিতারা। সম্পর্ক গড়ায় শরীর অবধি। কিন্তু সিতারার ক্ষোভ একটাই- ‘সব পুরুষই এক’। কারণ, প্রেমিকও লোকসমক্ষে তাকে স্বীকার করতে চায়নি। এরপর সিতারা কি পারবে পুরুষতান্ত্রিক সমাজের রক্তচক্ষুতে দমে না গিয়ে এগোতে? সেই উত্তর মিলবে ‘সিতারা’য়।

এই ছবির সংগীত পরিচালনার দায়িত্ব ছিল কালিকাপ্রসাদের ওপর। তার অকালপ্রয়াণে দায়িত্ব নেয় দোহার।

১৯ জুলাই কলকাতা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, বেঙ্গালুরু এবং কেরালা রাজ্যে মুক্তি পাবে ‘সিতারা’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত