সোমালিয়ার দক্ষিণাঞ্চলে একটি হোটেলে জঙ্গি হামলায় সাংবাদিকসহ কমপক্ষে সাতজন নিহত হয়েছেন।
দেশটির বন্দর শহর কিসমায়োতে অ্যাসাসে নামের একটি হোটেলে গাড়িভর্তি বিস্ফোরক নিয়ে এ আত্মঘাতী হামলা চালানো হয়।
শনিবার বিবিসি জানায়, গাড়িভর্তি বিস্ফোরক নিয়ে হোটেলটিতে ঢুকে পড়ে হামলাকারী এবং পরে বন্দুকধারীরা গুলিবর্ষণ করে। হামলায় এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন।
ইসলামি জঙ্গি গোষ্ঠী আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।
নিহত ব্যক্তিদের মধ্যে কানাডীয়-সোমালি টিভি সাংবাদিক হোদান নালায়েহ (৪৩) এবং তার স্বামী রয়েছেন। একটি টিভি চ্যানেলে অনুষ্ঠান প্রযোজনা ও উপস্থাপনা করতেন নালায়েহ।
আসন্ন আঞ্চলিক নির্বাচন নিয়ে হোটেলটির একটি কক্ষে দেশটির আঞ্চলিক পর্যায়ের রাজনীতিবিদ ও বিভিন্ন গোত্রের শীর্ষনেতাদের অংশগ্রহণে আলোচনা চলাকালীন এ হামলার ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপিকে একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে স্থানীয় প্রশাসনের একজন সাবেক মন্ত্রী এবং একজন আইনপ্রণেতাও রয়েছেন।
সোমালি সাংবাদিকেরা জানান, নালায়েহর সঙ্গে মোহাম্মদ ওমর সাহাল নামে আরেক সাংবাদিকও নিহত হয়েছেন এ হামলায়।
