গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বামজোটের জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার দুপুর ১টার দিকে বামজোট প্রেসক্লাব থেকে পল্টন মোড় হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করে।
মিছিলটি সচিবালয়ের প্রবেশমুখে এলে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে বামজোটের চার কর্মী আহত হন। পরে সেখানেই সমাবেশ করেন নেতাকর্মীরা।
সমাবেশে জোটের সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু বলেন, দেশের মানুষের অতিপ্রয়োজনীয় পণ্য হলো গ্যাস। এই গ্যাসের দাম বাড়ার সঙ্গে সঙ্গে সব পণ্যের দাম বাড়বে। এর প্রভাব পড়বে সাধারণ জনগণের ওপর। আমরা সরকারকে সাত দিন সময় দিয়েছিলাম। কিন্তু তারা আমাদের কথা শুনলেন না।
তিনি বলেন, সরকার যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে আগামী ১৯ জুলাই ঢাকায় প্রতিনিধি সভা করে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে। গণ-আন্দোলনের মাধ্যমে সরকারকে দাবি মেনে নিতে বাধ্য করা হবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক শাহ আলম, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, সিপিবির প্রেসিডিয়াম সদস্য কাফি রতন, যুগ্ম সম্পাদক সাজ্জাদ জহির চন্দন প্রমুখ।
