গ্রাহককে জেলে পাঠানোর অভিযোগে পল্লী বিদ্যুতের ৩ জন বরখাস্ত

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ১১:১২ পিএম

মাদারীপুরে ১৭ হাজার ৬৮ টাকা বকেয়া বিদ্যুৎবিল পরিশোধ করার আড়াই মাস পরে এক গ্রাহককে জেলে পাঠানোর ঘটনায় ডেপুটি জেনারেল ম্যানেজারসহ (ডিজিএম) ৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ভুক্তভুগি গ্রাহক মিজানুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে রবিবার সকালে বিদ্যুৎ বিভাগের প্রধান কার্যালয় থেকে এই নোটিশ জারি করা হয়।

বরখাস্তরা হলেন, পল্লী বিদ্যুতের কালকিনি জোনাল অফিসের ডিজিএম মো. আক্তার হোসেন, মস্তফাপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম কৃষ্ণপদ বিশ্বাস, ইসি নুরুল ইসলাম।

ভুক্তভুগীর অভিযোগে বলা হয়, ১৭ হাজার ৬৮ টাকা বকেয়া বিদ্যুৎবিল থাকায় কালকিনির পূর্ব পূয়ালী গ্রামের গ্রাহক মিজানুর রহমান শেখের বিরুদ্ধে মামলা দায়ের করেন মস্তফাপুর পল্লী বিদ্যুৎ সমিতি।

গত ৪ এপ্রিল বকেয়া পুরো টাকা পরিশোধ করেন মিজানুর রহমান শেখ। পল্লী বিদ্যুতের অসাধু কিছু কর্মকর্তারা বিষয়টি গোপন রেখে পুলিশের মাধ্যমে ২৩ জুন মিজানকে কারাগারে পাঠান। এতে ৩০ জুন জামিনে মুক্তি পায় মিজান।

পরে বিষয়টি পল্লী বিদ্যুতের প্রধান কার্যালয়ে জানালে অভিযোগ আমলে নিয়ে রবিবার অভিযুক্ত ৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ঘটনায় দোষীদের বিচার দাবী জানিয়েছেন ভুক্তভুগীর পরিবার ও এলাকাবাসী।

এদিকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন মস্তফাপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী সাখাওয়াত হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত