পটুয়াখালীর পায়রা বন্দরের কোস্ট গার্ডের ঘাঁটিতে নিরাপদ হেফাজতে থাকা ৩২টি ট্রলারসহ ৫১৬ জন ভারতীয় জেলে দেশের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে।
মঙ্গলবার ভোরে কোস্টগার্ডের দুটি জাহাজ ভারতীয় সীমানার উদ্দেশ্যে এসব ট্রলার ও জেলেদের নিয়ে পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দরের কোস্ট গার্ডের ঘাট ত্যাগ করেছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. শাকিল জানান, গত ৭ জুলাই ঝড়ের কবলে পড়ে বাংলাদেশের সীমানায় প্রবেশ করা জেলেদের বাংলাদেশ কোস্টগার্ড নিরাপদ হেফাজতে নেওয়ার ৯ দিন পরে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ভারতীয় সীমানায় পৌঁছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।
তিনি আরও জানান, দুটি জাহাজের প্রহরায় ভারতীয় সীমানার প্রবেশ মুখে ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর উদ্দেশ্যে তারা যাত্রা করেছেন।
মঙ্গলবার সন্ধ্যা নাগাদ তারা ভারতীয় জলসীমায় ভারতীয় কোস্ট গার্ডের কাছে জেলেদের হস্তান্তর করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
