এনআইডি যাচাইয়ের গেটওয়ে ‘পরিচয়’ উদ্বোধন হচ্ছে আজ

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ০১:৪১ এএম

দ্রুত ও সহজ উপায়ে জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের গেটওয়ে ‘পরিচয়’ উদ্বোধন হচ্ছে আজ বুধবার। বেলা সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রীর ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সচিবালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করবেন। এতে সভাপতিত্ব করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়। ‘পরিচয়’ একটি গেটওয়ে সার্ভার, যা নির্বাচন কমিশনের জাতীয় ডাটাবেজের সঙ্গে সংযুক্ত। এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করে নিমিষেই সেবা দেওয়া যাবে। এনআইডি যাচাই করার জন্য এখন থেকে আর আগের মতো তিন থেকে পাঁচ দিন অপেক্ষা করতে হবে না। অনেক সংস্থা এনআইডি যাচাইকরণও করে না। কারণ নির্বাচন কমিশনের এনআইডি ডাটাবেজে প্রবেশাধিকার নেই তাদের। ‘পরিচয়’ গেটওয়ে ব্যবহার করলে এনআইডি যাচাই করার জন্য কোনো মানুষের প্রয়োজন নেই। যেকোনো প্রতিষ্ঠান সফটওয়্যারের মাধ্যমে ‘পরিচয়’-এর সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপন করলে এনআইডি শনাক্তের ফলাফল সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যাবে। সংশ্লিষ্টরা বলেছেন, এখন থেকে ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে যেসব কাজে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রয়োজন হয়, তাতে সুবিধা হবে। এতে ভোগান্তি কমবে ও সময় সাশ্রয় হবে। এই গেটওয়ে জাল আইডি শনাক্ত করে জালিয়াতি প্রতিরোধ করবে এবং পরিষেবাগুলোকে আরও নিরাপদ করবে। ‘পরিচয়’ গেটওয়ে গোপনীয়তা ও নিরাপত্তা বজায় রাখবে এবং জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের খরচ কমিয়ে কাজকে দ্রুত করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত