নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে কাকৈরগড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে হাফিজ উদ্দিনের বাড়িতে নবনির্মিত ওই ট্যাংকে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেনÑ ওই এলাকার আবুল কাশেমের ছেলে শাহজাহান (৩০) ও উমর আলী তালুকদারের ছেলে মোস্তফা (৪৫)।
স্থানীয়রা জানায়, হাফিজ উদ্দিনের বাড়িতে দুই মাস আগে নির্মাণ করে রাখা সেপটিক ট্যাংকে বুধবার দুপুরে বাকি কাজ শেষ করতে প্রথমে শাহজাহান ট্যাংকে নামেন। তার কোনো সাড়াশব্দ না পেয়ে পরে মোস্তফা ট্যাংকে নামেন। কিছুক্ষণ পর তারও কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা দুর্গাপুর থানায় খবর দেন। পুলিশ এসে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস সদস্যরা লাশ উদ্ধার করেন।
