ডারউইনের বিখ্যাত মতবাদ নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক শিক্ষামন্ত্রী। বর্ষীয়ান সাংসদ সত্যপাল সিংহ লোকসভায় বলেন, আমি বিশ্বাস করি ভারতীয়রা ঋষিদের সন্তান; বাঁদরের নয়।
তার এমন মন্তব্যের পরে বিরোধীপক্ষ প্রতিবাদ জানায়। কানিমোঝি ও তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বিস্ময় প্রকাশ করেন এমন কথা শুনে।
এদিন মানবাধিকার সংক্রান্ত একটি বিল সম্পর্কে আলোচনায় অংশ নিয়েছিলেন সত্যপাল। তখনই তিনি ওই মন্তব্য করেন।
বিজেপি সরকারে সাবেক শিক্ষামন্ত্রী ছিলেন সত্যপাল। তার দাবি, ‘ভারতীয় সংস্কৃতি মানবাধিকারকে গুরুত্ব দেয় না এবং মানবাধিকার কর্মীদের ব্যাপারেও কোনও ধারণা পোষণ করেন না। আমাদের সংস্কৃতি বলে, আমরা ঋষিদের সন্তান। যারা বিশ্বাস করেন মানুষ বাঁদরের সন্তান তাদের আঘাত করতে চাই না কিন্তু আমাদের সংস্কৃতি অনুসারে আমরা ঋষিদের সন্তান।’
এরপর তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র সত্যপালকে প্রশ্ন করেন, ‘আপনার মা কি গরু?’
এর প্রতিক্রিয়ায় সত্যপাল বলেন, ‘যে মানুষেরা মানবাধিকার কর্মীদের মূল্য জানে না তারাই আমার কথার বিরোধিতা করবে।’
ডিএমকে সাংসদ কানিমোঝি প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘আমরা হোমো স্যাপিয়েন্স এবং এই কক্ষের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ঠিক রাখা উচিত।’
