ঈদুল আজহা উপলক্ষে ছোটপর্দায় প্রিমিয়ার হবে তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ ও নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর ‘আলফা’র। চ্যানেল আই থেকে পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে এ খবর জানা যায়।
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘শ্যামল ছায়া’সহ মোট ছয়টি চলচ্চিত্র প্রচার করবে চ্যানেলটি। হুমায়ূন আহমেদের নির্মাণটি ছাড়া বাকি সবগুলোই এই প্রথমবার টিভিতে দেখানো হবে।
সংবাদবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়. মৌসুমী হামিদ ও শিপন মিত্র অভিনীত ‘ভালোবাসার রাজকন্যা’ ছাড়া প্রতিটি সিনেমা প্রচার হবে সকাল সোয়া ১০টায়।
ঈদের দিন প্রচার হবে নাসিম সাহনিক পরিচালিত ‘গোয়েন্দাগিরি’। রাজু আলীম পরিচালিত ‘ভালোবাসার রাজকন্যা’ প্রচার হবে একই দিন দুপুর আড়াইটায়।
তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’ থাকছে দ্বিতীয় দিন। শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘অর্পিতা’ তৃতীয় দিন প্রচার হবে।
হুমায়ূন আহমেদের ‘শ্যামল ছায়া’ দেখা যাবে ঈদের চতুর্থ দিন। নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর ‘আলফা’ প্রচার হবে পঞ্চম দিন। এছাড়া সরকারি অনুদানে নির্মিত মৃত্তিকা গুন পরিচালিত ‘কালো মেঘের ভেলা’ দেখা যাবে ঈদের ষষ্ঠ দিন।
