সাকিব আল হাসান ও লিটন দাস ছুটিতে। ওয়ানডের নিয়মিত অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও তরুণ অলরাউন্ডার সাইফউদ্দিন চড়েছেন চোটে। সব মিলে শ্রীলঙ্কা সফরে যেন ভাঙাচোরা দল বাংলাদেশ। তবে স্কোয়াডে যারা আছেন, তাদের নিয়েই চ্যালেঞ্জ জিততে চান ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল।
আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ২৩ জুলাই রয়েছে একটি প্রস্তুতি ম্যাচ। এই সিরিজে খেলতে বাংলাদেশ দলের একটি অংশ শনিবার দেশ ছেড়েছে। যে বহরে আছে ৭ ক্রিকেটার। বাকিরা যাবেন কয়েক ধাপে।
দেশ ছাড়ার আগে বিমানবন্দরে তামিম ইকবাল কথা বলেন সংবাদমাধ্যমে। এ সময় শ্রীলঙ্কা সফরকে চ্যালেঞ্জিং হিসেবে উল্লেখ করেন তিনি, ‘‘এই সিরিজটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই দলটার প্রমাণ করার অনেক কিছু আছে। চোটে পড়ায় আমাদের গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটার এই সিরিজে যাচ্ছে না। সিরিজটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে।’’
সাম্প্রতিক পারফরম্যান্সে শ্রীলঙ্কাও খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই। যদিও বিশ্বকাপটা বাংলাদেশের ওপরে থেকেই শেষ করেছে তারা। তবে বেশ কিছুদিন ধরেই পারফরম্যান্স গ্রাফটা তাদের নিম্নমুখী। কোচ হিসেবে চন্দিকা হাতুরুসিংহের তো বাংলাদেশের বিপক্ষে সিরিজ হতে পারে শেষ মিশন। চাকরিটা তার ঝুলে আছে।
তারপরও শ্রীলঙ্কাকে শক্তিশালীই আখ্যা দিচ্ছেন তামিম। তবে চ্যালেঞ্জ উতরে যেতে পারবেন বলেও বিশ্বাস তার, ‘‘শ্রীলঙ্কার হোম কন্ডিশনে সিরিজটা কঠিন হতে যাচ্ছে। তবে আগের সিরিজগুলোয় দেখেছি, আমরা ভালো করেছি ওদের সঙ্গে। আশা করি এবারও চ্যালেঞ্জ উতরে যাব।’’
