বিএনপি রাজপথে নেমেছে, আন্দোলন শুরু হয়ে গেছে: দুদু

আপডেট : ২০ জুলাই ২০১৯, ০৩:২৯ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আন্দোলন শুরু হয়েছে। নেত্রীকে মুক্ত করে, গণতন্ত্রকে মুক্ত করে, মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে আমরা ঘরে ফিরব।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

দুদু বলেন, “বিএনপি রাজপথে নেমেছে। আন্দোলনকে বেগবান করতে আমরা বরিশাল, চট্টগ্রামে সমাবেশ করেছি। ২৫ তারিখে খুলনায় সমাবেশ করব। পর্যায়ক্রমে সব বিভাগে হবে। তারপর সব জেলাতে সমাবেশ করা হবে।”

এসময় তিনি বলেন, “পেটের তাগিদে শিক্ষকরা রাস্তায়, সাংবাদিকদের চাকরির নিশ্চয়তা নেই। শ্রমিকের শ্রমের মূল্য নেই, আদালতে গিয়ে বিচারকের সামনে খুন করা হচ্ছে। পুলিশ, প্রশাসন, বিচার ব্যবস্থা আইনশৃঙ্খলা সবকিছু ভেঙে পড়েছে।”

বিএনপির এই ভাইস চেয়ারম্যানের অভিযোগ, “এই দেশে স্বাভাবিক কোনো নির্বাচন হয় না। দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে ফেলেছে। এভাবে চলতে থাকলে আমরা ভুলে যাব মুক্তিযুদ্ধ করে বাংলাদেশে স্বাধীন হয়েছিল।”

সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “শুধু খালেদা জিয়ার মুক্তির জন্য নয়, দেশে সুষ্ঠু পরিবেশ ও গণতন্ত্র ফিরিয়ে আনতে আসুন রাজপথে না‌মি।”

আয়োজক সংগঠনের চেয়ারম্যান কবির মুরাদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব আবদুল্লাহ হিল মাসুদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কুদ্দুস প্রমুখ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত