মোদির প্রশংসার এক মাস পর সুখবর পেলেন তসলিমা

আপডেট : ২০ জুলাই ২০১৯, ০৫:১১ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করার মাস খানেক পর ভিসা সংক্রান্ত সুখবর পেয়েছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। আগের সিদ্ধান্ত বদলে তিন মাসের জায়গায় এক বছরের জন্য তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। শনিবার টুইটে একথা জানিয়েছেন লেখিকা।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে গত মঙ্গলবার একটি টুইট করেন তসলিমা। তিনি বলেন, আগামী ২৭ জুলাই ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু তার আগে ২৬ জুলাই তাকে যুক্তরাজ্যে উড়ে যেতে হবে।

এরপর বুধবার তিনি জানান, ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন মঞ্জুর হয়েছে। তবে সেটা মাত্র তিন মাসের জন্য।

তসলিমা বলেন, প্রত্যেকবারই তিনি পাঁচ বছরের ভিসার মেয়াদের জন্য আবেদন জানান, সেখানে এক বছরের জন্য ভিসা মঞ্জুর করা হয়। কিন্তু এবার ব্যতিক্রম।

এই বিষয়ে আবারও তিনি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তসলিমা লেখেন, যাতে তার আর্জি পুনর্বিবেচনা করা হয় আর অন্তত এক বছরের জন্য বাড়ানো হয় ভিসার মেয়াদ।

এর কয়েক ঘণ্টা বাদে ফের একটি টুইট করেন তসলিমা। সেখানে তিনি মনে করিয়ে দেন যে ভিসার মেয়াদ ৫০ বছরের জন্য বাড়িয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছিলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বর্তমান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাই অমিত শাহকে ধন্যবাদ জানিয়ে তিনি ফের সাহায্যের আর্জি জানান।

বাংলাদেশ থেকে নির্বাসিত হওয়ার পর ভারতে আশ্রয় নেন তসলিমা। কলকাতাতে থাকাকালীন বিতর্কের মুখে পড়তে হয় তাকে। সেখানে একটি বইকে কেন্দ্র করে রোষের মুখে পড়ে কলকাতাও ছাড়তে। আপাতত তিনি দিল্লিবাসী।

গত এপ্রিলে ডেইলি অপিনিয়নকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নরেন্দ্র মোদির শাসনামলে আমার মত প্রকাশের ক্ষেত্রে কোনো বাধা আসেনি’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত