আগামী মাসের মধ্যে মালয়েশিয়ার শ্রম বাজার উন্মুক্ত হবে: প্রবাসীকল্যানমন্ত্রী

আপডেট : ২০ জুলাই ২০১৯, ১১:৩৪ পিএম

প্রবাসীকল্যানমন্ত্রী ইমরান আহমদ, এমপি বলেছেন, আগামী মাসের মধ্যে মালয়েশিয়ার শ্রম বাজার উন্মুক্ত হয়ে যাবে। সেখানে নতুন শ্রমিক নিয়োগও শুরু হবে। এ ব্যাপারে সে দেশের সাথে কথা হয়েছে এবং প্রথম ধাপের কাজ শেষ হয়েছে।

শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অবৈধভাবে বিদেশ পাড়ি দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী দালাল ও এজেন্টদের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমার প্রথম কাজই হবে তাদের ধরা, যারা অবৈধভাবে বিদেশে লোক পাঠান।

তিনি বলেন, আমি চাই না আমাদের দেশের কোন মানুষ অবৈধভাবে বিদেশ যেতে গিয়ে মারা যাক।

তিনি এ মৃত্যুকে মৃত্যু না বলে এটাকে হত্যাকাণ্ড হিসাবে উল্লেখ করে দালালদের ব্যাপারে সজাগ থেকে তাদের আইনের হাতে সোপর্দ করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এর আগে মন্ত্রী বেলা ১২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান এবং তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় তার সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের ওনার কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী জুলহাস, যুগ্ম-সচিব জাহিদ হোসেন, মোজাফ্ফর হোসেন, বোয়েসেলের নির্বাহী পরিচালক মরণ কুমার চক্রবর্তী, বায়রার সভাপতি বেনজির আহম্মেদ এমপি, মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, গোপালগঞ্জ, শরিয়তপুর ও মাদারীপুর জেলায় অবস্থিত জনশক্তি ও কর্মসংস্থান অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত