শেরপুরে এক সপ্তাহে বন্যার পানিতে ডুবে ১২ জনের মৃত্যু

আপডেট : ২১ জুলাই ২০১৯, ১২:০০ এএম

বন্যার পানিতে ডুবে শেরপুরে গত এক সপ্তাহে শিশু ও বৃদ্ধাসহ ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত শুক্রবার পানিতে ডুবে মৃতরা হচ্ছে শহরের নওহাটা মহল্লার নায়েব আলীর ছেলে মেহেদী হাসান (১৩), কামারেরচর ভাবনার মোফাজ্জলের ছেলে শামীম (৫), সাতপাকিয়া গ্রামের খলিলুর রহমানের  মেয়ে খুশি (৬)। গত ১৩ জুলাই শনিবার শেরপুরের শ্রীবরদীতে সাঁতরে খাল পাড়ি দেওয়ার সময় পানিতে ডুবে ইটভাটার শ্রমিক নুর ইসলাম (৪০) মারা গেছেন। একই উপজেলায় গত ১৪ জুলাই রবিবার স্থানীয় কাজলদহ বিলে মাছ ধরতে গিয়ে কৃষক হাসমত আলী (৫০) এবং ১৬ জুলাই মঙ্গলবার ৯ বছরের শিশু হামিদ মিয়ার মৃত্যু হয়েছে। এদিকে জেলার ঝিনাইগাতী উপজেলায় গত ১৪ জুলাই পানিতে ডুবে এক বছর বয়সী শিশু মাহিনের মৃত্যু হয়েছে। একই উপজেলার কালীনগর গ্রামে ১৬ জুলাই মঙ্গলবার অশীতিপর বৃদ্ধা আসমা বেওয়া মারা যান। এছাড়া ধানশাইল ধুকুরিয়া মাদারপুরে গত ১৭ জুলাই বুধবার কিশোর মামুন (১৫) নিখোঁজ হয়। পরদিন তার মরদেহ পাগলা নদী থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

অন্যদিকে গতকাল শনিবার ভেলায় ঘুরতে গিয়ে শেরপুর সদরের যোগনিমুড়া গ্রামের নয়ন মিয়ার মেয়ে নূপুর (৭) বন্যার পানিতে ডুবে মারা যায়। গত শুক্রবার থেকে নিখোঁজ শিশু রুবেলের (১১) মরদেহ ফায়ার সার্ভিস উদ্ধার করেছে গতকাল শনিবার। সে সদরের বাঘলঘর এলাকার রইছ উদ্দিনের ছেলে। গতকাল শনিবার সদরের কুলুর চর এরাকায় কৃষক হারুন (৪৫) নৌকা থেকে পড়ে বন্যার পানিতে ডুবে মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত