রাসেলকে ক্ষতিপূরণের প্রথম কিস্তি পরিশোধে ৭ দিন সময় পেল গ্রিনলাইন

আপডেট : ২১ জুলাই ২০১৯, ০৫:৪৫ পিএম

বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে ক্ষতিপূরণের প্রথম কিস্তির পাঁচ লাখ টাকা পরিশোধে গ্রিনলাইন পরিবহন কর্তৃপক্ষকে এক সপ্তাহের সময় দিয়েছেন হাইকোর্ট।

গ্রিনলাইন পরিবহনের নতুন আইনজীবী শাহ মঞ্জুরুল হক রোববার ওকালতনামা দাখিল করে এক সপ্তাহের সময় চাইলে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

ক্ষতিপূরণের ৫০ লাখ টাকা থেকে গ্রিনলাইন রাসেলকে মাত্র পাঁচ লাখ টাকা দিয়েছে। ক্ষতিপূরণের বাকি অংশ মাসিক পাঁচ লাখ টাকা করে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছিল।  কিস্তির টাকা প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে পরিশোধ করে বাস্তবায়ন প্রতিবেদন দেওয়ার নির্দেশ থাকলেও আর টাকা গ্রিনলাইন কর্তৃপক্ষ দেয়নি রাসেলকে।

গ্রিনলাইন আদালতের নির্দেশ না মানায় তাদের আইনজীবী অজি উল্লাহ গত ১৬ নিজেকে মামলা থেকে প্রত্যাহার করে নেন। ওই দিন আদালত রোববার পরবর্তী আদেশের জন্য রেখেছিল।

সে অনুযায়ী মামলাটি শুনানির জন্য উঠলে আইনজীবী শাহ মঞ্জুরুল হক গ্রিনলাইন পরিবহনের পক্ষে ওকালতনামা দাখিল করে এক সপ্তাহের সময় চান।

এ সময় বেঞ্চের কনিষ্ঠ বিচারক কে এম কামরুল কাদের কিস্তি পরিশোধ করা হয়েছে কিনা জানতে চাইলে এ আইনজীবী বলেন, তিনি এ বিষয়ে গ্রিনলাইন পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

বিচারক বলেন, “আপনারা টাকা দিলেন না কেন? টাকা যাতে পরিশোধ করে তার জন্য কিস্তি করে দিলাম।”

আইনজীবী শাহ মঞ্জুরুল ক্ষতিপূরণের রুল শুনানির আরজি জানালে বিচারক বলেন, “না, টাকা দিতে থাকেন। আগে আদেশ বাস্তবায়ন করে আসুন। এসব আমরা জানি। টাকা দেননি কেন?”

গ্রিনলাইনের আইনজীবী বলেন, “আসলে কিছু অসুবিধার জন্য যোগাযোগ করতে পারিনি। এক সপ্তাহের দিন।”

এরপর আদালত আগামী ২৮ জুলাই পরবর্তী আদেশের জন্য রেখে এই সময়ের মধ্যে ক্ষতিপূরণের প্রথম কিস্তি পরিশোধের আদেশ বাস্তবায়ন করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয়।

গত বছরের ২৮ এপ্রিল যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারে গ্রিনলাইন পরিবহনের একটি বাস চাপা দেয় প্রাইভেটকার চালক রাসেল সরকারকে। তাকে বাঁচাতে একটি পা কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকরা।

রাসেলের জন্য ক্ষতিপূরণ চেয়ে সাবেক সাংসদ উম্মে কুলসুমের করা এক রিট আবেদনে চিকিৎসা খরচ বাদেও ৫০ লাখ টাকা দিতে গ্রিনলাইনকে নির্দেশ দেয় হাইকোর্ট। পরে আপিল বিভাগেও ওই আদেশ বহাল থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত