গেমের নেশায় নিরুদ্দেশ স্কুলছাত্রীর অ্যাডভেঞ্চার, বিশ দিনে ৭ শহর ভ্রমণ

আপডেট : ২১ জুলাই ২০১৯, ০৫:৫৮ পিএম

 

মোবাইল গেমের নেশায় পড়ে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায় এক স্কুলছাত্রী। পরবর্তীতে ৭টি শহরে ঘুরে ২০ দিন পর সে বাড়িতে ফিরে আসে। ভারতের উত্তরাখন্ডের পান্তনগরে এ ঘটনা ঘটে।

ইন্ডিয়া টুডে জানায়, মোবাইল গেম ‘ট্যাক্সি ড্রাইভার টু’ থেকে অনুপ্রাণিত হয়ে ঘর থেকে বের হয়ে যায় ওই স্কুলছাত্রী। দিল্লিতে তার এই ‘অ্যাডভেঞ্চার’ শেষ হয়। সেখানে তাকে দেখে পুলিশের সন্দেহ হলে বেরিয়ে আসে আসল ঘটনা।

দিল্লি পুলিশকে ওই ছাত্রী জানায়, সে তার মেডিকেল পড়ুয়া ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছে। কিন্তু পুলিশের জেরার মুখে একপর্যায়ে সে স্বীকার করে ঘর থেকে নিরুদ্দেশ হওয়ার কথা। পুলিশ তার কাছ থেকে কাগজে লেখা একটি ফোন নম্বর পায়।

সেই নম্বর সূত্র ধরে মুম্বাইয়ের পুলিশ উত্তরখণ্ডে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়। জানা যায়, ১৭ দিন ধরে ওই ছাত্রী নিখোঁজ। অবশেষে ওই ছাত্রীকে ফিরে পায় তার পরিবার।

পুলিশ জানায়, দক্ষিণ কোরিয়ান থ্রিডি মোবাইল ড্রাইভিং গেমের অনুপ্রেরণায় ওই মেয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। সেই সঙ্গে গেমের মতোই ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে একের পর এক শহরে ঘুরতে থাকে।

মাত্র ১৪০০ রুপি নিয়ে সে ঘর থেকে বেরিয়ে পড়ে। এর মধ্যে পুনে, আহমেদাবাদ, জয়পুর সহ ৭ টি শহরে  ঘুরে। 

পরিবার এ ব্যাপারে কিছু বলতে রাজি না হলেও তার এক বন্ধু জানায়, মায়ের মোবাইলে গেম খেলত ওই ছাত্রী। অনেকটা আত্মকেন্দ্রিক ও চুপচাপ স্বভাবের হওয়ায় একপর্যায়ে সে মোবাইল গেমের প্রতি আসক্ত হয়ে পড়ে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত