ডেঙ্গুতে মারা যাওয়া সিভিল সার্জনের স্ত্রী-কন্যাও ডেঙ্গু আক্রান্ত

আপডেট : ২২ জুলাই ২০১৯, ০১:৫৪ পিএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন হবিগঞ্জের নতুন সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন হাজরা (৫৩)। রবিবার রাত ১১টা ৫০ মিনিটে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এদিকে ঢাকায় সিভিল সার্জনের স্ত্রী ও ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। 

সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা শাহ আলম জানান, গত ৯ জুলাই তিনি ঝালকাটি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা থেকে পদোন্নতি পেয়ে হবিগঞ্জ জেলা সিভিল সার্জন হিসেবে যোগদান করেন। তার পরিবার ঢাকায় থাকেন।

কিছুদিন ছুটি কাটানোর পর গত ২০ জুলাই তিনি জ্বর নিয়ে কর্মস্থলে যোগদান করেন। রোববার তিনি জেলা উন্নয়ন সমন্বয় সভায় অংশ নেন।

দুপুরে জ্বর বেড়ে গেলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তিনি চিকিৎসকদের জানিয়েছেন যে ঢাকায় তার স্ত্রী ও মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ডেঙ্গুতে আক্রান্ত। সম্ভবত তিনিও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

তিনি ঢাকায় প্রেরণের জন্য অনুরোধ জানালে সঙ্গে সঙ্গে তাকে অ্যাম্বুলেন্সযোগে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই মারা যান। তার বাড়ি পিরোজপুরে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা। ছেলে মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত