পাকিস্তান ক্রিকেটকে বদলে দিতে চান ইমরান খান

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ০৯:৩৯ এএম

পাকিস্তান ক্রিকেটের ঐতিহ্য ফিরিয়ে আনতে চান দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। ক্রিকেটে দেশকে ফের বিশ্বসেরা করার প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্বকাপ জয়ী সাবেক এই অধিনায়ক।

এবারের বিশ্বকাপ খুব একটা ভালো যায়নি পাকিস্তানের। পয়েন্ট টেবিলের পঞ্চমস্থানে থেকে এবারের মিশন শেষ করে তারা। লিগের নয় ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় ও তিনটি হেরেছিল পাকিস্তান। একটি ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। নিউজিল্যান্ডের সঙ্গে সমসংখ্যক পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে থাকায় শেষ চারে ওঠা হয়নি সরফরাজদের। ফলে পাঁচ নম্বরেই সন্তুষ্ট থাকতে হয় ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের। ২৭ বছর আগে ইমরানের হাত ধরেই বিশ্বসেরা হয়েছিল পাকিস্তান।

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইমরান খান। সেখানে ওয়াশিংটন ডিসিতে পাক কমিউনিটি এলাকায় বক্তৃতা দিতে গিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, “এই বিশ্বকাপে পর আমি সিদ্ধান্ত নিয়েছি, পাকিস্তান ক্রিকেট দলের উন্নতি করেই আমি ছাড়ব। পাকিস্তান ক্রিকেটকে আমি বদলে দেব। আমি জানি, এবার অনেকেই হতাশ হয়েছে। আশা করি পরের বিশ্বকাপে আমাদের দেখবে দারুণ পেশাদার দল হিসেবে। সেটা হবে সেরা পাকিস্তান টিম। আমার কথা মনে রাখবেন।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত