হাজারো গাছের চারা বিতরণ করে মেয়ের জন্মদিন পালন দম্পতির

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ০৮:০০ পিএম

সন্তানের জন্মদিনে মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করে দৃষ্টান্ত গড়লেন এক দম্পতি। তারা ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের বাসিন্দা। তবে কর্মস্থল সূত্রে বাস করেন যুক্তরাষ্ট্রে।

কলকাতার সংবাদমাধ্যম নিউজপোল জানায়, পূর্ব বর্ধমানের বাসিন্দা বিষ্ণু জ্যোতি পাল যুক্তরাষ্ট্রের উইলমিংটন শহরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। তার স্ত্রী মানালি দিকপতি সেখানেই শিক্ষকতা করে। 

তাদের একমাত্র সন্তান মুগ্ধা পালের চতুর্থ জন্মদিন উদ্‌যাপনে নেন পরিবেশবান্ধব এক উদ্যোগ। যুক্তরাষ্ট্র থেকেই ভাইয়ের মাধ্যমে বর্ধমানের সাধারণ মানুষের মধ্যে প্রায় ১২৫০টি চারাগাছ বিলি করেন এ দম্পতি। এ ছাড়াও সন্তানের নামে একটি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনও দিয়েছেন তারা।

জানা যায়, ২১ জুলাই ছিল বিষ্ণু জ্যোতি-মানালির একমাত্র কন্যাসন্তান মুগ্ধা পাল চতুর্থ জন্মবার্ষিকী। আর সেই উপলক্ষেই ‘সবুজ বিপ্লব’-এর উদ্যোগ নেন তারা। তবে যুক্তরাষ্ট্রে বসবাস করায় সেই দায়িত্ব দেন বিষ্ণু জ্যোতির ভাই লিওনিড দত্তকে। 

বিষ্ণু জ্যোতি বলেন, “প্রথমে কিছুটা দ্বন্দ্বে ছিলাম। আদৌ কেউ গাছ নেবে কিনা? তাই ৬০০টি গাছ দিয়ে শুরু করেছিলাম। কিন্তু এতে অভাবনীয় সাড়া পেলাম। তারপর আরও ৬৫০টি গাছ বিলি করার ব্যবস্থা করলাম।”

কীভাবে এই ভাবনা তার মধ্যে এল এমন প্রশ্নে বিষ্ণু জ্যোতি বলেন, “যুক্তরাষ্ট্রে আমার স্ত্রীর স্কুলে দেখেছি, শিক্ষক দিবস, কোনো ছাত্রের জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠানে গাছের চারা উপহার দিতে। এক শিক্ষক দিবসে আমরা প্রায় ১৫টি গাছ পেয়েছিলাম।”

তিনি বলেন, “এখানের উপহার সামগ্রীর দোকানগুলোতেও গাছ কিনতে পাওয়া যায়। সেখান থেকেই মাথায় আসে, আমরা আমাদের মেয়ের জন্মদিনেও এমন কিছু উপহার তুলে দেব সাধারণ মানুষের হাতে। তারপর ভাইয়ের সঙ্গে আলোচনা করলাম।”

উপহার হিসেবে গাছের চারা দেওয়ার রীতি যদি এ দেশেও করা যায়, এমনই ইচ্ছা প্রকাশ করেছেন বিষ্ণু জ্যোতি। শুধু গাছ বিলিই নয়, কন্যাসন্তান মুগ্ধার নামে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনও দেন স্থানীয়দের মাঝে।

তবে মুগ্ধার জন্মদিন উদ্‌যাপনের এই রীতি নতুন নয়। গত বছরেও মেয়ের জন্মদিন উপলক্ষে বর্ধমান স্টেশন চত্বরের পথশিশুদের মাঝে পোশাক এবং খাবার বিতরণ করেন এ প্রবাসী দম্পতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত