চবি প্রতীকী জাতিসংঘ সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১০:৩৮ পিএম

দিনব্যাপী আয়োজনের মাধ্যমে প্রতিবছরের ন্যায় এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সংস্থার (সিইউমুনা) বার্ষিক সাধারণ সভা গত ১৯ জুলাই নগরীর চেরাগি পাহাড়স্থ দৈনিক আজাদী অফিসের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনের সম্মানিত ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান এস.এম. মুত্তাকিন এবং ট্রাস্টি বোর্ড সদস্য জনাব মো. আমজাদ হোসেন দিনার ও মোহাম্মদ ইমরান উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডিন এবং সাবেক চেয়ারম্যান প্রফেসর এবিএম আবু নোমান।

পবিত্র কোরআন তিলাওয়াত এবং জাতীয় সংগীতের মাধ্যমে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

Learning with Excellence-এই মূলমন্ত্রকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি দক্ষ ও মননশীল প্রজন্ম তৈরির লক্ষ্যে সামনে এগিয়ে চলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ

সংস্থা যা ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় একদল স্বপ্নবাজ তরুণের হাত ধরে। সংগঠনটি এর মধ্যে সফলভাবে ৫ টি আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন আয়োজন করেছে।

ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান তার বক্তব্যে সিইউমুনার সকল সদস্যকে শুভকামনা জানান এবং নিজ নিজ দায়িত্ব পালনে অনুপ্রাণিত করেন।

এস.এম. মুত্তাকিন বলেন, “শুধুমাত্র নিজের নয়, সকলের মতামতকে গুরুত্ব দিয়ে সকল সিদ্ধান্ত গ্রহণের নামই যোগ্য নেতৃত্ব। যোগ্য নেতৃত্বই সংগঠনের পরিবেশকে প্রভাবিত করে, তাই যোগ্য নেতৃত্বের হাতেই সিইউমুনার ভবিষ্যৎ আরও সাফল্যমণ্ডিত হয়ে উঠবে।”

বিশেষ অতিথি প্রফেসর এবিএম আবু নোমান তার বক্তব্যে সিইউমুনার সদস্যদের বিশ্ববিদ্যালয়ের চৌকস ছেলেমেয়েদের মধ্যে অন্যতম হিসেবে উল্লেখ করেন এবং তারা নিজেদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে গেলে একসময় তাদের অনেককেই নিজের সহকর্মী হিসেবে পাবেন বলে আশা প্রকাশ করেন।

সংগঠনের ট্রাস্টি বোর্ড মেম্বার এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব ইজাজ মাহমুদ ফুয়াদ জার্মানিতে অবস্থান করায় সেখান থেকে ভিডিওবার্তায় তিনি সকল সদস্য এবং নতুন কমিটির প্রতি নিজের শুভকামনা জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের ট্রাস্টি বোর্ড সদস্য জনাব আমজাদ হোসেন দিনার, মোহাম্মদ

ইমরান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জনাব নাইম উদ্দিন, গভর্নিং বোর্ড মেম্বার জনাব রেদোয়ান রাফি চৌধুরী, জনাব প্রসেনজিৎ দাস গুপ্ত প্রমুখ।

সিইউমুনার সদ্য অ্যালামনাই হওয়া সদস্যদের উদ্দেশে মানপত্র পাঠ করা হয়। নতুন অ্যালামনাই সদস্যরা একে একে সংগঠনের সঙ্গে নিজেদের স্মৃতিচারণা করেন।

এ সময় সভায় এক আবেগপ্রবণ দৃশ্যের অবতারণা হয়। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সকলের

সামনে সদ্য-সাবেক সভাপতি সৈয়দ ফজলুল হক মাহদীকে ট্রাস্টি বোর্ডের নতুন সদস্য হিসেবে বরণ করে নেন।

সদ্য-বিদায়ী সভাপতি এ পর্যায়ে সিইউমুনার সঙ্গে কাটানো সকল মুহূর্তের স্মৃতিচারণা করেন এবং বিগত মেয়াদের অভিজ্ঞতা বর্ণনা করেন। আবেগপ্রবণ এই বক্তব্যের মাঝে সভায় নেমে আসে পিনপতন নীরবতা এবং আরেকবার সৃষ্টি হয় এক আবেগপ্রবণ পরিবেশ।

বক্তব্য শেষে সকলে দাঁড়িয়ে করতালির মাধ্যমে সদ্য-বিদায়ী সভাপতিকে বিদায় জানান। অতঃপর ট্রাস্টি বোর্ডের নিরীক্ষণে সদস্যদের ভোটের মাধ্যমে সভাপতি হিসেবে নির্বাচিত হন মাহতাব উদ্দিন চৌধুরী।

একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে দীপ্ত ভট্টাচার্য এবং সাংগঠনিক সম্পাদক পদে ইফফাত বিনতে ইফতেখার নির্বাচিত হন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবনির্বাচিত নতুন কমিটি সিইউমুনার সকলকে নিয়ে নতুন সেশনে নতুন উদ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত