অবসরে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী কুলাসেকারা

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ০২:০৮ পিএম

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানিয়ে দেবেন লাসিথ মালিঙ্কা। সাবেক সতীর্থের এমন ঘোষণার পর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা দলের সাবেক পেসার নুয়ান কুলাসেকারাও।

৩৭ বছর বয়সী কুলাসেকারা শ্রীলঙ্কার এবারের বিশ্বকাপ দলেও ছিলেন না। জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছেন ২০১৭ সালে। ২০১৮ মার্চ থেকে সিনিয়র পর্যায়ে কোনো ক্রিকেট খেলেননি ডানহাতি এই পেসার। এই সময়টায় অবশ্য ‘এ’ দলের হয়ে কিছু ক্রিকেট খেলেছেন।

২০১৪ সালে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন কুলাসেকারা। সীমিত ওভারের ক্রিকেটে নতুন বলে স্যুইং বোলিংয়ের জন্য খ্যাতি ছিল তার। ডেথ ওভারে ছিলেন শ্রীলঙ্কা দলের কার্যকরী অস্ত্র।

২০০৩ সালে ওয়ানডেতে রাজকীয় অভিষেক হয় কুলেসেকারার। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ১০ উইকেটের বড় জয় পায় শ্রীলঙ্কা। সে ম্যাচে ৯ ওভার বোলিং করে ১৯ রান দিয়ে ২ উইকেট লাভ করেন কুলেসেকেরা। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে।

শ্রীলঙ্কার হয়ে ১৮৪ ওয়ানডে খেলে ১৯৯ উইকেট পেয়েছেন কুলেসেকারা। ব্যাট হাতে ১৩২৭ রান করেছেন তিনি। শ্রীলঙ্কার হয়ে টেস্ট খেলেছেন ২১টি। টেস্টে তার উইকেট সংখ্যা ৪৮। শ্রীলঙ্কার হয়ে টি-টোয়েন্টি খেলেছেন ৫৮টি। উইকেট নিয়েছেন ৬৬টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত