ইভিএমে ব্যালট ছিনিয়ে জেতার সুযোগ নেই: ইসি সচিব

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ০১:৪২ এএম

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন হলে অসুষ্ঠু অবস্থা তৈরি করে ভোটে জেতার কোনো সুযোগ নেই দাবি করে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর বলেছেন, ব্যালট পেপারে ভোট হলে কেউ ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যেতে পারে। ইভিএমে সে সুযোগ নেই।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, বৃহস্পতিবার (আজ) নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় সাধারণ নির্বাচন, চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি ওয়ার্ডে সাধারণ নির্বাচন, ৮টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচনসহ ইউনিয়ন, পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা ও জেলা পরিষদের মোট ২৯৫টি পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের যে ওয়ার্ডে সাধারণ নির্বাচন হবে সেটিসহ কাঞ্চন পৌরসভা ও ৮টি ইউনিয়ন যেগুলোতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেগুলোতে ইভিএমের মাধ্যমে ভোট হবে। বাকিগুলোতে আগের মতোই ভোট হবে ব্যালটের মাধ্যমে।

মো. আলমগীর বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োগ করা হয়েছে। প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদের নিয়োগ দেওয়া, তাদের প্রশিক্ষণ দেওয়া, নির্বাচন সংক্রান্ত ব্যালট পেপারসহ অন্য জিনিসপত্র যথাসময়ে পৌঁছে গেছে। আমাদের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

কাঞ্চন পৌরসভা নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, আশা করি সুষ্ঠু নির্বাচন হবে। কারণ ওখানেতো ইভিএমে নির্বাচন হবে, ইভিএমে নির্বাচন হলে তো অসুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে ভোটে জেতার কোনো সুযোগ নেই। ওখানে তো ব্যালট পেপারে ভোট হচ্ছে না যে, কেউ ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যেতে পারে। সেখানে সে সুবিধা নেই। যার ভোট তাকেই দিতে হবে। অন্য কারো এই ভোট দেওয়ার সুযোগ নেই। তিনি আরো বলেন, নির্বাচন আইন অনুযায়ী যা যা প্রস্তুতি নেওয়া দরকার সব প্রস্তুতিই নিয়েছি।

অতএব এতেই বোঝা যায় আমরা বদ্ধপরিকর। আমরা কোনো প্রস্তুতি কম রাখিনি। প্রস্তুতি কম না রাখলেই বুঝতে হবে যে আমরা বদ্ধপরিকর।  ইসি সচিব বলেন, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীভাবে ভোটগ্রহণ চলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত