আলিয়া ভাটের বিপরীতে সঞ্জয় লীলা বানসালির ‘ইনশাল্লাহ’ ছবিতে অভিনয় করছেন সালমান খান। এই নিয়ে দুই তারকার ভক্তদের উচ্ছ্বাসের কমতি নেই।
ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে জানা যায়, রোমান্টিক ঘরানার এই সিনেমায় আরেকজন নায়িকা থাকছেন। অর্থাৎ, সালমান-আলিয়ার প্রেম নিষ্কণ্টক থাকছে না।
‘ইনশাল্লাহ’র সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে।
সূত্রটি ইন্ডিয়া টুডে’কে জানায়, সঞ্জয় লীলার বেশির ছবিই ত্রিভুজ প্রেম কেন্দ্রিক। বাজিরাও মাস্তানি, পদ্মাবত বা হাম দিল দে চুকে সানামের শরণ নেওয়া যায় এই ক্ষেত্রে।
একই ঘটনা ঘটছে যাচ্ছে ‘ইনশাল্লাহ’র ক্ষেত্রে। সালমান ও আলিয়ার পাশাপাশি অপেক্ষাকৃত নবীন কোনো অভিনেত্রীকে দেখা যাবে।
তবে অন্য নায়িকা নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে নারাজ সঞ্জয় বা সংশ্লিষ্টরা। কে হতে পারেন সেই নায়িকা- তারও আভাস পাওয়া যায়নি।
‘ইনশাল্লাহ’ ২০২০ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে। এতে চল্লিশোর্ধ্ব ব্যবসায়ীর চরিত্রে থাকছেন সালমান। আলিয়াকে দেখা যাবে কম বয়সী অভিনেত্রী হিসেবে।
এই ছবির মাধ্যমে প্রায় দুই দশক পর একসঙ্গে বড় পরিসরে কাজ করছেন সালমান-সঞ্জয়। ১৯৯৯ সালে মুক্তি পায় তাদের হিট ছবি ‘হাম দিল দে চুকে সানাম’। ২০০৭ সালের ‘সাওয়ারিয়া’তে অতিথি চরিত্রে কাজ করেন এই নায়ক। অন্যদিকে ‘ইনশাল্লাহ’ শুধু সালমানই নয়, সঞ্জয়ের সঙ্গে আলিয়ার প্রথম ছবি।
