লক্ষীপুরে ডাকাত সন্দেহে সুজন নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। শুক্রবার ভোরে সদর উপজেলার দত্তপাড়া এলাকার মাখন বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত ওই যুবককে পুলিশি পাহারায় লক্ষীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গণপিটুনির শিকার যুবক সুজন সদর উপজেলার মান্দারী ইউনিয়নের পশ্চিম জামিরতলী এলাকার আব্দুল হাফিজের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ভোর রাতে ৭ জনের ডাকাত দল দত্তপাড়া এলাকার হিন্দু বাড়িতে ডাকাতির চেষ্টা করে। এসময় এলাকাবাসী তাদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে গেলেও সুজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়।
হাসপাতালে চিকিৎসাধীন যুবক জানান, দত্তপাড়া এলাকার নিকু রাতে তাকে খবর দিয়ে নিয়ে যায়। এসময় নোয়াখালীর মাইজদী এলাকার আরো ৫জন তাদের সঙ্গে ছিল।
চন্দ্রগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সুজনকে ডাকাত সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা । তিনি ডাকাত না চোর তা এখনো জানা যায়নি।
