কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী কলেজের পাশে মাদ্রাসা মোড়ে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটো আরোহী স্বামী-স্ত্রীসহ ৩ জন মারা গেছে। আহত হয়েছে আরও ৩ জন। শুক্রবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- কুড়িগ্রাম সদরের করিমের খামার জিগামারীর ঘাট এলাকার শুকুর আলীর ছেলে মোস্তফা (৩৫) ও তার স্ত্রী জ্যোস্না (২৮) এবং মোস্তফার নানী আমেনা ওরফে জোহরা বেওয়া (৭৫)।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান জানান, কুড়িগ্রাম থেকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে আত্মীয়’র বাড়ি লালমনিরহাট জেলার বড়বাড়ী যাচ্ছিলেন।
এসময় কুড়িগ্রাম থেকে রংপুরগামী অর্পণ নামে (কুমিল্লা-জ ১১-০০১০) মিনিবাসটি পেছন থেকে অটোকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন মারা যায়।
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা যায়। আহতদের মধ্যে অটোচালক মানিক (৩৫) এর অবস্থা আশঙ্কাজনক। তাকে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত মোস্তফার এক মাত্র কন্যা মিম (১৫) ও অপর আহত যাত্রী জাহেদুল ইসলাম (৪৫) কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
