চাঁদপুরের ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন রিপন বিজয়ী হয়েছেন। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪ হাজার ৪৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের সাইফুল ইসলাম সোহেল খান পেয়েছেন ২ হাজার ৮৬৭ ভোট। গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান। রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদে ৯টি কেন্দ্রে মোট ভোটার ছিল ১৭ হাজার ৬৩০ জন।
নির্বাচনে এই ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি। সর্বশেষ ২০০৩ সালে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
