সাভারে বিদ্যুৎস্পৃষ্টে এক মাদ্রাসাশিক্ষার্থী ও এক নির্মাণশ্রমিক মারা গেছে পৃথকভাবে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের যাদুরচর এবং রাতে বাংলাবাজার ইটভাটা মহল্লায় এ ঘটনা ঘটে। নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর যাদুরচর এলাকার জামিয়া সিদ্দিকিয়া যাদুরচর মাদ্রাসায় পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী হাবিবুল্লাহর (২০) মৃত্যু হয়।
এ সময় বিষয়টি ধামাচাপা দিতে মাদ্রাসা কর্তৃপক্ষ পুলিশকে না জানিয়ে মৃতদেহটি তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়। হাবিবুল্লাহ নাটোর জেলার সদর থানার লক্ষ্মীপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। সে মাদ্রাসার কিতাব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিল।
সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ বলেন, মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
অন্যদিকে রাত ৮টার দিকে উপজেলার বাংলাবাজার এলাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিক হাবিবুর রহমান (২৫) মারা যায়। সে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীর সরদারভিটা গ্রামের আবুল কাশেমের ছেলে।
এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই সাজ্জাদ হোসেন বলেন, পরিবারের অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
