পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, সমুদ্রবন্দরে ৩নং সতর্ক সংকেত

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ১২:২৩ পিএম

মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ঢাকাসহ পাঁচ বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় ঝোড়ো হাওয়ার আশঙ্কায় সমুদ্রবন্দরসমূহকে ৩নং সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস ও সামুদ্রিক সতর্কবার্তায় একথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

ভারী বর্ষণের সতর্কবার্তায় বলা হয়, মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে।

অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

এছাড়া আবহাওয়ার সামুদ্রিক সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে।

বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর (পুনঃ) তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত