কথা কম বলে দুই মেয়রকে কাজ করার পরামর্শ নাসিমের

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ০৮:৫৬ পিএম

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রকে কথা কম বলে ডেঙ্গু নিধনে কাজ করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।

ডেঙ্গু ও গুজব মোকাবেলায় রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পেশাজীবী সংগঠনের নেতাদের সঙ্গে ১৪ দলের গোলটেবিল আলোচনায় বক্তব্যে এই পরামর্শ দেন তিনি।

১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, সিটি করপোরেশনের মেয়রদের বলব, অহেতুক, অযৌক্তিক কথা না বলে ডেঙ্গুর উৎস, মশা দমনে সমন্বিতভাবে কাজ করুন। কম কথা বলে ডেঙ্গু জ্বরের কারণ এডিস মশার উৎস ধ্বংস করতে কাজ করুন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, আমরা আপনাদের সঙ্গে আছি, নার্ভাস হবে না। যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলার মনোভাব নিয়ে কাজ করুন।

সভায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা ও খ্রিস্টান্ অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও বলেন, ডেঙ্গু পরিস্থিতি মহামারি আকার ধারণ করার দিকে যাচ্ছে। মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি হাবিবুর রহমান বলেন, আগে থেকে সতর্কতামুলক অবস্থা গ্রহণ করলে ডেঙ্গু পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছাত না।

জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, ডেঙ্গু নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। শেখ হাসিনার সরকার জঙ্গি দমনে সফল হয়েছে, ডেঙ্গু দমনেও সফল হবে।

আলোচনায় আরও অংশ নেন আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, বিপ্লব বড়ুয়া, সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, আব্দুল কাইয়ুম মুকুল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদ নেতা অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, প্রকৌশলী নেতা নুরুজ্জামান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত