তুর্কি চিড়িয়াখানা মাতাচ্ছে রয়েল বেঙ্গল টাইগার

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ০৯:৩১ এএম

তুরস্কে প্রথমবারের মতো জন্ম নেওয়া রয়েল বেঙ্গল টাইগারকে দেখতে ভিড় করছে দর্শনার্থীরা। ১২ মে ইস্তানবুলে জন্ম নেওয়া তিনটি রয়েল বেঙ্গল টাইগারকে অবশেষে জনসম্মুখে আনা হলো।

ডেইলি সাবাহ জানায়,  রবিবার থেকে ইস্তানবুলের পর্যটন শহর ভায়া পোর্ট মারিনার আসলান পার্কে দেখা যাচ্ছে এই রয়েল বেঙ্গল টাইগারগুলোকে।

২৯ জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে পার্কটি আরও কিছু বাঘ এবং বন্য বিড়াল গোত্রীয় প্রাণী যুক্ত করেছে। এর মধ্যে তিনটি রয়েল বেঙ্গল ছাড়াও আছে সাইবেরিয়ান বাঘ, পুমা, চিতাবাঘ, ক্যারাকাল এবং সিংহ। এর আগে পার্কটিতে ছিল আরও দুটি রয়েল বেঙ্গল টাইগার।

আসলান পার্কের ভেটেরিনারি ফিজিশিয়ান গোকসে মারেভে ইয়াইলা আনাদলুকে বলেন, “গত ৫০ বছরে বন্যপ্রাণী ৬০ শতাংশ হ্রাস পেয়েছে। সে দিক দিয়ে এখানে জন্ম নেওয়া তিনি রয়েল বেঙ্গল টাইগার খুবই গুরুত্বপূর্ণ।”

তিনি জানান, এ মুহূর্তে বিশ্বে সর্বমোট বাঘের সংখ্যা ৩,৯০০টি।

ইয়াইলা আরও বলেন, “আমরা গবেষণার মাধ্যমে এই সব বন্যপ্রাণী সংরক্ষণ এবং তাদের জীবন ধারণের বিষয়টি নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেছি। যার প্রমাণ, এখানে তিনটি বাচ্চা রয়েল বেঙ্গল টাইগার।”

এদিকে আড়াই মাস বয়সী এই সব বাচ্চা বাঘের জন্য নাম খুঁজছে কর্তৃপক্ষ। এজন্য একটি অনলাইন পোলও শুরু করা হবে জানা গেছে। সাধারণ মানুষদের প্রস্তাব থেকে বাছাই করা হবে কী নামে ডাকা হবে তাদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত