নেত্রকোনার সরকারি হাসপাতালে নেই ডেঙ্গু পরীক্ষার রি-এজেন্ট

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ০৯:২৯ পিএম

নেত্রকোনায় কোথাও কোন ডেঙ্গু জ্বরের রোগী পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নিলোৎপল তালুকদার।

তিনি বলেন, জেলার ১০টি উপজেলার কোথাও ডেঙ্গু রোগের প্রকোপ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

প্রতিটি ডায়াগনোস্টিক, ক্লিনিক ও বেসরকারি হাসপাতালগুলোতে এই জ্বরের পরীক্ষার জন্য সরকার নির্ধারিত ফি নোটিশ করে জানিয়ে দেওয়া হয়েছে। কেউ যদি বাড়তি টাকা রাখে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

তবে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালসহ স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর একটিতেও সরকারিভাবে নেই এই জ্বর পরীক্ষার জন্য রি-এজেন্ট।

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নিলোৎপল তালুকদার আরো বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এদিকে বেসরকারি হাসপাতালগুলো প্রতিটি পরীক্ষার জন্য ন্যূনতম ৭০০ থেকে ৮০০ টাকা করে রাখছে।

এ বিষয়ে বারহাট্টা রোডের আইডিয়াল হসপিটালের কাউন্টারে আনিসুর রহমানের সাথে কথা বললে সেখানে উপস্থিত আলট্রাসনোগ্রামের পরীক্ষক ডাক্তার শামছুল হক বলেন, ঢাকায় বললেই হবে না। জেলার সিভিল সার্জন থেকে লিখিত নোটিশ না দিলে কিছু করার নেই।

এদিকে জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সেন্ট্রাল থেকে ঘোষণা দিলে আর কোন ঘোষণা লাগে না। তবুও প্রতিটি হাসপাতাল ক্লিনিকে জরুরি নোটিশ পাঠানো হয়েছে। যদি কেউ এর ব্যত্যয় ঘটায় তবে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত