কুমিল্লায় কোরবানির পশুবাহী ট্রাক উল্টে ৩ জন নিহত

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০১:০৩ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে কোরবানির পশুবাহী একটি ট্রাক উল্টে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় ওই ট্রাকে থাকা ছয়টি গরুও মারা গেছে।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়ায় হোটেল ভিটা ওয়ার্ল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শিবানন্দপুর গ্রামের মনসুর উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪২), একই উপজেলার নাটিমা গ্রামের আমান উদ্দিনের ছেলে সামিউল (৪৫) এবং একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে খোকন মিয়া (৪০)।

পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

হাইওয়ে পুলিশের মিয়ার বাজার ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ দেশ রূপান্তরকে জানান, ঝিনাইদহ থেকে একটি পশু বোঝাই ট্রাক নিয়ে বিক্রেতারা কোরবানির হাটে বিক্রির উদ্দেশে চট্টগ্রাম যাচ্ছিল।

ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ঘোষতল এলাকায় ওই পশুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়।

এতে পশুর গাড়িতে থাকা ওই তিনজন নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশের মিয়ারবাজার ফাঁড়ির পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত