স্বাস্থ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে মন্তব্য করতে নারাজ কাদের

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০২:১৮ পিএম

ডেঙ্গু মহামারি আকার ধারণ করায় স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঈদের ছুটি বাতিল করেছে সরকার। এমন পরিস্থিতিতে সপরিবারে মালয়েশিয়া সফরে গিয়ে সমালোচনার ঝড় তুলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “কে দেশে কে বিদেশে তা বিষয় নয়, ডেঙ্গু মোকাবিলায় কাজ হচ্ছে কি-না সেটিই মুখ্য বিষয়।”

রাজধানীর জিগাতলায় আওয়ামী লীগের তিন দিনের পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন শেষে বুধবার সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। রাষ্ট্রীয় দুর্যোগ পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রীর মালয়েশিয়া সফর নিয়ে সেতুমন্ত্রী বলেন, “কারো ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করতে চাই না।”

তিনি বলেন, “ডেঙ্গু মোকাবিলায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে। অন্য যেকোনো চ্যালেঞ্জের মতো ডেঙ্গু মোকাবিলায়ও সরকার সফল হবে।”

এ সময় বর্তমান পরিস্থিতিকে মানবিক সংকট বলেও উল্লেখ করে ওবায়দুল কাদের।

তিনি জানান, পাড়া-মহল্লায় এই পরিচ্ছন্নতা অভিযান চলবে। পরিস্থিতি বিবেচনায় স্বাচিপ বিনা মূল্যে ডেঙ্গুর রক্ত পরীক্ষা করবে।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আখতারুজ্জামান, সংসদ সদস্য ইলিয়াস মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত