জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আব্দুল মান্নান

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০৫:২৬ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মো. আব্দুল মান্নান চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে।

বুধবার দুপুরে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। উপাচার্য আরও জানান, প্রধান নির্বাচন কমিশনার সহকারী নির্বাচন কমিশনার হিসেবে আরও দু'জনকে বাছাই করে জাকসুর পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন গঠন করবেন।

জানতে চাইলে অধ্যাপক মান্নান বলেন, উপাচার্যের সঙ্গে এই বিষয়ে আমার প্রাথমিক কথাবার্তা হয়েছে। লিখিত আদেশ হাতে পাইনি এখনো। আদেশ পেলে অফিশিয়াল কার্যক্রম শুরু করব।

জাকসু নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে গত ২৮ জুন আন্দোলনকারীরা বার্ষিক সিনেট অধিবেশন অবরোধ করলে উপাচার্য ফারজানা ইসলাম জুলাই মাসের মধ্যে নির্বাচন কমিশন গঠন করার প্রতিশ্রুতি দেন। পরে সিনেট অধিবেশনে জানান, নভেম্বরের দিকে নির্বাচন করার ইচ্ছা রয়েছে প্রশাসনের।

প্রতিশ্রুত সময়ে কমিশন গঠন করায় উপাচার্যকে সাধুবাদ জানিয়েছে ছাত্র সংগঠনগুলো।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত