সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের হাটপাচিল গ্রামের এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় পুলিশ ভাতিজি জামাই ইউসুফ আলী (৩৬)-কে গ্রেপ্তার করেছে।
ইউসুফ আলী ওই গৃহবধূর ফুপু শাশুড়ি। তার স্বামী মালয়েশিয়া।
এ বিষয়ে গৃহবধূ জানান, গত শনিবার দুপুরে তিনি তার নিজ ঘরে ৩ বছর বয়সী ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার ভাতিজি জামাই ইউসুফ আলী (৩৬) ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় তিনি ও তার ছেলে চিৎকার শুরু করলে ইউসুফ পালিয়ে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে তাদের তিনি বিস্তারিত জানান।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে গৃহবধূ বাদী হয়ে ইউসুফকে একমাত্র আসামি করে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ওইদিন রাতেই ইউসুফকে গ্রেপ্তার করে। এরপর বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার এসআই সামিউল ইসলাম বলেন, মামলা দায়েরের পর আসামিকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
