ডেঙ্গু: অতিরিক্ত ফি নেওয়ায় ঢাকার চারটি হাসপাতালকে জরিমানা

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১১:১২ পিএম

ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়ায় ঢাকার চারটি হাসপাতালকে জরিমানা করা হয়েছে। হাসপাতালগুলো হলো- ইসলামী ব্যাংক হাসপাতাল, গ্রিন লাইফ হাসপাতাল, সেন্ট্রাল হাসপাতাল ও ধানমন্ডি ক্লিনিক।

বুধবার রাজধানীর পল্টনে ইসলামী ব্যাংক হাসপাতালে অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে শুনানিতে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় গ্রিন লাইফ হাসপাতাল, সেন্ট্রাল হাসপাতাল ও ধানমন্ডি ক্লিনিককে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, দুপুরে ইসলামী ব্যাংক হাসপাতালে অভিযান চালানোর সময় ডেঙ্গু পরীক্ষা করতে আসা রোগীর কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার প্রমাণ পাওয়া যায়।

তিনি বলেন, সরকার নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা নেওয়া এবং অস্ত্রোপচার কক্ষে মেয়াদোত্তীর্ণ যন্ত্রপাতি ও রাসায়নিক পাওয়ায় এই প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

গত রোববার ডেঙ্গু পরীক্ষার ফি ৫০০ টাকা বেঁধে দেয় সরকার। সরকারের ওই নির্দেশ অমান্য করে বাড়তি অর্থ নেওয়ায় সোমবার পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরদিন একই অপরাধে ল্যাবএইড ও ইবনে সিনা হাসপাতালকে জরিমানা করা হয়।

মঙ্গলবার ধানমন্ডি এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের অভিযানে বাড়তি অর্থ নেওয়ার বিষয়টি ধরা পড়ায় গ্রিন লাইফ ও সেন্ট্রাল হাসপাতাল এবং ধানমন্ডি ক্লিনিককে তলব করা হয়।

বুধবার ওই বিষয়ে শুনানির পর এই প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয় বলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা কার্যালয়ের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান।

এদিকে ডেঙ্গু রোগের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট ল্যাব পরীক্ষার উপাদানগুলো নিয়ে যাতে কোনো কারসাজি বা কৃত্রিম সংকট সৃষ্টি করা না হয় সে জন্য পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় তদারকি করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত