নিউজিল্যান্ডের এক ক্রীড়াপ্রেমী নিজের বেকারত্ব ঘোচাতে স্যার ডন ব্র্যাডম্যানের বিখ্যাত একটি ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন।
অস্ট্রেলিয়া তথা বিশ্বক্রিকেটের এই বিস্ময় পুরুষ কোনোদিন নিউজিল্যান্ডে আনুষ্ঠানিক ম্যাচ খেলেননি। তবু তার ব্যাট কীভাবে একজন কিউইর কাছে গেল, সেটি অনেকের জন্য বিস্ময়ের ব্যাপার।
ওই ব্যাটটিতে ব্র্যাডম্যানসহ ১৬ ইংলিশ ক্রিকেটারের অটোগ্রাফ রয়েছে। ধারণা করা হচ্ছে বডিলাইন সিরিজে ব্যাটটি ব্যবহার করেছিলেন তিনি।
ব্যাটটি নিলামে তুলবেন জেমস স্যান্ডার্স নামের এক ব্যক্তি। তিনি ঠিক কত টাকা দিয়ে কিনেছিলেন সেটি জানাতে চাননি। নিউজিল্যান্ড হেরাল্ডকে শুধু বলেছেন, ‘সাউথ আইসল্যান্ডের কোন একটি নিলাম থেকে কিনেছিলাম।’
নিউজিল্যান্ডের প্রভাবশালী সংবাদমাধ্যমটি বলছে, ব্যাটটি কিনতে জেমস স্যান্ডার্স মাত্র কয়েক শ ডলার খরচ করেছিলেন। আগস্টের নিলাম থেকে তিনি এখন ৩৪ লাখ টাকার মতো পেতে পারেন।
স্যান্ডার্স বলছেন, ‘ব্যাটটির প্রতি আমার কোনো মায়া নেই। ঘরের এক কোনায় ফেলে রেখেছি। কিছু টাকা আসলে আমি বিনিয়োগ করতে পারব।’
ধারণা করা হচ্ছে ১৯৩২-৩৩ সালে ইংল্যান্ড সিরিজের পর ওই ব্যাটটি নিউজিল্যান্ডে আসে। ওই বছর বেসিন রিজার্ভে একটি প্রদর্শনী ম্যাচ খেলার কথা ছিল ব্র্যাডম্যানের।
ব্র্যাডম্যান-বিশেষজ্ঞ বলে পরিচিত চার্লস লেসকি ওই নিলাম পরিচালনা করবেন। তিনি আগেও একাধিকবার ব্র্যাডম্যানের ব্যাটের নিলাম পরিচালনা করেছেন।
