নন্দিত কথা সাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় থ্রিলার উপন্যাস মাসুদ রানা সিরিজের তিনটি উপন্যাস থেকে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র। জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জনপ্রিয় চরিত্র ‘মাসুদ রানা’কে পর্দায় আনার ঘোষণাও দেওয়া হয় অনেক আগেই। কিন্তু মাসুদ রানার কাজ শুরু হবে হবে করেও হচ্ছিল না। তবে এবার মাসুদ রানা ভক্তদের জন্য সুখবর নিয়ে এল জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটি জানায়, শিগগিরই মাসুদ রানার নির্মাণকাজ শুরু হবে। আর এই ছবিতে চমক হিসেবে থাকছেন হলিউড অভিনেতারাও। মূল মাসুদ রানার ভূমিকায় দেখা যাবে একজন বাংলাদেশিকে। যাকে খুঁজে নেওয়া হবে রিয়্যালিটি শো’র মাধ্যমে।
‘মাসুদ রানা’র খোঁজেই ২ আগস্ট থেকে সম্প্রচার শুরু হচ্ছে ‘মেন’স ফেয়ার অ্যান্ড লাভলী চ্যানেল আই হিরো- কে হবে মাসুদ রানা?’ প্রতিযোগিতা। মাসুদ রানা হওয়ার স্বপ্ন নিয়ে রেজিস্ট্রেশন করেছে ১২ হাজারেরও বেশি তরুণ। আর এই প্রতিযোগিতার মাধ্যমে মাসুদ রানাকে আবিষ্কার করবেন জনপ্রিয় তারকা ফেরদৌস ও পূর্ণিমা। কারণ তাদেরকে এই প্রতিযোগিতার স্থায়ী বিচারক হিসেবে দেখা যাবে। আর তাদের সঙ্গে থাকবেন কয়েকজন অতিথি বিচারকও। অতিথি বিচারক হিসেবে বিভিন্ন পর্বে অংশ নেবেন আফজাল হোসেন, মোস্তফা সরয়ার ফারুকী, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম প্রমুখ।
মারিয়া নূরের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করছেন তানিয়া আহমেদ। রিয়্যালিটি শো’টি সম্প্রচারিত হবে ২ আগস্ট থেকে প্রতি শুক্র ও রবিবার রাত ৮টায় চ্যানেল আই এর পর্দায়।
সিনেমাটি বাংলাদেশ থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া, সঙ্গে সহযোগী প্রযোজক হিসেবে থাকছে আরও তিনটি প্রতিষ্ঠান এবং হলিউড এর প্রযোজনা প্রতিষ্ঠান সিলভার লাইন।
ইতিমধ্যে ‘মাসুদ রানা’ ছবির জন্য কাজী আনোয়ার হোসেনের ‘ধ্বংস পাহাড়’সহ ৩টি উপন্যাসের কপিরাইট নিয়েছে জাজ। ছবির চিত্রনাট্য- পরিমার্জন, পরিবর্তন ও পরিবর্ধন করেছেন- আবদুল আজিজ, আসিফ আকবর ও এই সময়কার পাঠকপ্রিয় তরুণ থ্রিলার লেখক নাজিম উদ দৌলা। এরপর হলিউডের প্রফেশনাল স্ক্রিপ্ট রাইটার মুভি ক্রিটিকরা ফাইন টিউন করে হলিউড স্ট্যান্ডার্ডের একটি স্ক্রিপ্ট তৈরির কাজ করছেন। এ ছাড়া মাসুদ রানার লুক সত্যিকারের একজন স্পাই এর মতো করতে এই ছবির প্রজেক্ট উপদেষ্টা হিসেবে কাজ করছেন সিআইএ-এর প্রাক্তন একজন স্পাই।
প্রযোজনা সংস্থা জানায়, মাসুদ রানার শুটিং হবে- মরিশাস, থাইল্যান্ড ও বাংলাদেশে। সিনেমার বাজেট করা হয়েছে প্রায় ১০ মিলিয়ন ডলার বা প্রায় ৮৩ কোটি টাকা।
মাসুদ রানা চলচ্চিত্রটি পরিচালনা করবেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউডের ডিরেক্টর আসিফ আকবর। এই নির্মাতা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে ফিল্ম মেকিং এর ওপর উচ্চতর পড়াশোনা করেছেন। ইতিমধ্যে তিনি হলিউডে ৩টি সিনেমা পরিচালনা ও বেশ কিছু নামকরা সিনেমা প্রযোজনা করে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন।
ডিরেক্টর অফ ফটোগ্রাফিতে থাকছেন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ও জেমস বন্ড খ্যাত ডিওপি পিটার ফিল্ড। মাসুদ রানা সিনেমার ফাইট ডিরেক্টর হিসেবে কাজ করবেন ব্যাটম্যান খ্যাত অ্যাকশন পরিচালক ফিল ট্যান।
মাসুদ রানা ছবির নানা চরিত্রে দেখা যাবে আয়রনম্যান খ্যাত মিকি রোর্ক, গ্যাব্রিয়েল রাইট, খালি, ড্যানিয়েল বার্নার্ড, মাইকেল পেরে। আর মাসুদ রানার চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের অভিনেতা। প্রতিষ্ঠানটি শিগগিরই মাসুদ রানার নাম ঘোষণা করবে। এ ছাড়া রুপা চরিত্রে বলিউডের একজন অভিনেত্রীকে দেখা যতে পারে। আর কবির চৌধুরী, রাহাত খান চরিত্রগুলো কে বা কারা অভিনয় করবে তা এখনো ঠিক হয়নি।
