উত্তর কোরিয়া গতকাল শুক্রবার নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। শুক্রবার উত্তর কোরিয়া দুটি প্রজেক্টাইল মিসাইল উৎক্ষেপণ করে বলে জানায় বিবিসি।
সিউলের দাবি, উৎক্ষেপিত এ স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর ধরন নতুন। স্থানীয় সময় শুক্রবার রাত ২টা ৫৯ ও ৩টা ২৩ মিনিটের দিকে প্রজেক্টাইল মিসাইল দুটি উৎক্ষেপণ করা হয়। দক্ষিণ হ্যামগিয়ন প্রদেশের ইয়ংঘুন এলাকা থেকে জাপান সাগরের দিকে ছোড়া হয় সেগুলো। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্রের দাবি, মিসাইলগুলো নতুন ধরনের। গত সপ্তাহে যে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে সেগুলোর মতোই দেখতে এগুলো।
আগামী মাসেই সিউল ও ওয়াশিংটনের মধ্যে সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের এসব ঘটনাকে দক্ষিণ কোরিয়ার জন্য ‘গুরুতর সতর্কতা’ বলে উল্লেখ করেছে উত্তর কোরিয়া।
