এজবাস্টন টেস্টে আম্পায়ারিং করছেন আলিম দার ও জোয়েল উইলসন। প্রথম দিনেই তারা সাতটি ভুল সিদ্ধান্ত দিয়েছেন। পরে রিভিউ নিয়ে মাঠের আম্পায়ারদের দেওয়া পাঁচটি সিদ্ধান্ত পাল্টেছেন টিভি আম্পায়ার। এত বাজে আম্পায়ারিং দেখে আইসিসির নিরপেক্ষ আম্পায়ার দিয়ে ম্যাচ পরিচালনার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। নিরপেক্ষ আম্পায়ার দিয়ে আইসিসির ম্যাচ পরিচালনার সিদ্ধান্তের ফলে প্রতিদ্বন্দ্বিতা করা দুই দেশের কেউ আম্পায়ারিংয়ে থাকতে পারেন না। বিশ্বকাপের ফাইনালে যে কারণে এলিট আম্পায়ারদের র্যাংকিংয়ের ওপরের দিকে থাকা কেউ ম্যাচ পরিচালনার দায়িত্ব পাননি। কারণ তারা ইংল্যান্ডের অথবা নিউজিল্যান্ডের ছিলেন। অ্যাশেজের ক্ষেত্রেও ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার এলিট প্যানেলের আম্পায়ার টেস্ট পরিচালনা করতে পারছেন না। আইসিসির নিরপেক্ষ আম্পায়ার দিয়ে ম্যাচ পরিচালনা করার এ সিদ্ধান্তে তাই পরিবর্তন চেয়েছেন পন্টিং। বলেছেন, ‘আমি মনে করি খেলাটা এতদূরে এগিয়ে গেছে যে, খেলার স্বার্থেই আর নিরপেক্ষ আম্পায়ারের দরকার নেই। খেলোয়াড়দের মধ্যে এ নিয়ে অনেক কথা হয়েছে। এমসিসির আগামী বৈঠকে আলোচ্যসূচিতে বিষয়টি না থাকলে আমি তা রাখার ব্যবস্থা করব।’
শুধু পন্টিং নন, এজবাস্টন টেস্টে আম্পায়ারিংয়ের সমালোচনা করেছেন শেন ওয়ার্নও। টুইটারে তিনি লিখেছেন, ‘প্রথম বল থেকেই ভয়াবহ আম্পায়ারিং।’ ধারাভাষ্যের সময় নাসের হুসেইন বলেছেন, ‘আম্পায়ারদের জঘন্য দিন। আমরা জানি, কাজটা কঠিন, তা মেনে নিয়েও বলছি, সত্যিই খুব বাজে আম্পায়ারিং হয়েছে।’ টুইটারে মাইকেল ভন লিখেছেন, ‘কোনটি বেশি খারাপ বুঝতে পারছি না ব্যাটিং না আম্পায়ারিং।’
