হিন্দু নন বলেই কি অশ্লীল মন্তব্যের শিকার তসলিমা?

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১১:৪৮ এএম

তসলিমা নাসরিনের একটি ছবিতে স্তন নিয়ে অশ্লীল মন্তব্য করেছিলেন জোম্যাটোর বিতর্কিত গ্রাহক অমিত শুক্লা। ওই ঘটনার পাল্টা জবাবে একহাত নিলেন ‘লজ্জা’ লেখিকা।

জব্বলপুরের বাসিন্দা অমিত শুক্লা গত বুধবার অনলাইন ভিত্তিক ফুড সাপ্লায়ার্স চেইন জোম্যাটোর মাধ্যমে নিরামিষ খাবার অর্ডার দেন। ঘটনার শুরু এভাবে। কিন্তু পরবর্তীতে বিতর্ক গড়ায় ২০১৩ সালের টুইট পর্যন্ত।

বুধবার অমিত জানতে পারেন, খাবার সরবরাহকারী একজন মুসলমান যুবক। শুধুমাত্র ধর্মীয় কারণে খাবারের অর্ডার বাতিল করে দেন তিনি। গ্রাহকের প্রত্যাখ্যানে রীতিমতো ভেঙে পড়েন সেই ডেলিভারি বয়। পেশাগত জীবনে এর প্রভাব নিয়ে চিন্তিত হন।

সেই মুহূর্তেই তার পাশে এসে দাঁড়ায় জোম্যাটো কর্তৃপক্ষ। শুধু ধর্মীয় ভেদাভেদের জেরে গ্রাহকের অর্ডার বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করে ওই খাবার সরবরাহকারী সংস্থা সাফ জানিয়ে দেয়, “খাবারের কোনো ধর্ম হয় না।”

এই বিতর্কের মাঝে অমিত শুক্লার একটি অশ্লীল টুইট সামনে আসে। যেখানে একজন নারীর স্তন নিয়ে মন্তব্য করেছিলেন। এ নিয়ে অমিতকে জোরালো আক্রমণ করেছেন কলকাতার নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায়।

সেই ঘটনায় মুখ খুললেন খোদ তসলিমা নাসরিন। ২০১৩ সালের ১৮ এপ্রিলের সেই পুরোনো টুইটটির কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘‘এই ব্যক্তি কি সেই যিনি অ-হিন্দু যুবকের হাত থেকে খাবার নিতে অস্বীকার করেন? তিনি কি আদৌ নারীদের সম্মান করেন? নাকি আমি অ-হিন্দু বলেই উনি অশ্লীল মন্তব্য করেছেন?’’

Is it the man who cancelled Zomato order for being assigned a non-Hindu delivery boy? He has no respect for women? Or he showed his disrespect to me because i am a non-Hindu? pic.twitter.com/PS8tBICGU4

— taslima nasreen (@taslimanasreen) August 2, 2019

খাবারের অর্ডার বাতিল প্রসঙ্গে ক্রমশই কোণঠাসা অমিত শুক্লা। ইতিমধ্যেই তার বিরুদ্ধে উঠেছে ভারতের সংবিধান অবমাননার অভিযোগ। ধর্মীয় ভেদাভেদ করার চেষ্টার অভিযোগ তুলে জব্বলপুর থানার পুলিশ ইতিমধ্যেই তাকে নোটিশ পাঠিয়েছে। তার সঙ্গে হলো অশ্লীল টুইট বিতর্ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত