লম্বা বিরতির পর আরফিন রুমী

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ০৪:৩৮ পিএম

লম্বা সময় গান থেকে একেবারেই দূরে ছিলেন আরফিন রুমী। ভক্তরা ছিলেন শঙ্কাগ্রস্ত, প্রিয় এই শিল্পীর নতুন গান হয়তো তারা আর শুনতেই পারবেন না। রুমী  নিজেও  ছিলেন নিরুত্তাপ, নিরুত্তর।

তবে এ বছর মার্চে সেসব আশঙ্কা তুড়ি মেরে উড়িয়ে দিলেন তিনি। ১০ দিনে টানা ১০টি নতুন গান প্রকাশ করে রীতিমতো তাক লাগিয়ে দেন সংগীতাঙ্গন । গানগুলো  প্রকাশ করেছেন নিজের  ইউটিউব চ্যানেলে। স্বস্তি ফিরে পান রুমী ভক্তরা। এরপর থেকে গানে নিয়মিত হয়েছেন তিনি। 

এরই ধারাবাহিকতায় এবারের ঈদে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে প্রকাশ পাচ্ছে আরফিন রুমীর নতুন গান ‘গভীরে নামি’। সঙ্গে আছেন আরেক মিষ্টি কণ্ঠের সাবরিনা। দ্বৈত এই গানটি লিখেছেন জাহিদ আকবর। সুর ও সংগীতায়োজনে ছিলেন আরফিন রুমী নিজেই। রোমান্টিক গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

রুমী বললেন, ‘সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা তিনি আমাকে আবার গানে মনোযোগী করেছেন। দীর্ঘদিন সময় নিয়েই ‘গভীরে নামি’ গানটি করেছি। সাবরিনার গায়কি অসাধারণ। এই সময়ে ফিমেল কণ্ঠের বড় অভাব। সাবরিন সেই অভাব পূরণ করতে পারবে বলে আমি মনে করি।  আমার বিশ্বাস,  শ্রোতারা গানটি পছন্দ করবেন।’

ডিএমএস জানায়,  ঈদুল আজহার বিশেষ আয়োজনে গানটির ভিডিও তাদের  ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ৫ আগস্ট, সোমবার। সেই সঙ্গে গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত