ঈদুল আজহার দিনেও বৃষ্টির শঙ্কা

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১০:০৩ পিএম

বিগত ঈদুল ফিতরের ন্যায় আসন্ন ঈদুল আজহার ঈদের আনন্দেও বাগড়া দিতে পারে বৃষ্টি। বিঘ্ন ঘটাতে পারে ঈদ জামাতে।

তবে গত ঈদে দেশের প্রধান ঈদ জামাতসহ রাজধানীর অন্যান্য জামাতগুলো বৃষ্টি বিঘ্ন হলেও আগামী ১২ আগস্ট ঈদের দিন এখানে বৃষ্টির শঙ্কা অনেক কম।

এছাড়া ঢাকা বিভাগসহ মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলেও বৃষ্টির শঙ্কা কম। বৃষ্টির শঙ্কা বেশি চট্টগ্রাম, বরিশাল, খুলনাসহ সমুদ্র উপকূলের নিকটবর্তী দেশের দক্ষিণের এলাকাগুলোতে। তবে এসব এলাকায় বৃষ্টি হলেও মাত্রা ও ব্যাপ্তি অনেক কম হতে পারে। এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের আবহাওয়াবিদ আফতাব উদ্দিন শনিবার রাতে দেশ রূপান্তরকে বলেন, ‘আজ (শনিবার) থেকেই বৃষ্টির ব্যাপ্তি কিছুটা বেড়েছে। আগামী ৫-৯ তারিখ পর্যন্ত সারা দেশেই মোটামুটি বৃষ্টি থাকবে। ঈদের দিন কোস্টাল এরিয়াগুলোতে (উপকূলীয় এলাকা) বৃষ্টির শঙ্কা রয়েছে। তবে হলেও খুব বেশি না। গত ঈদের মত ব্যাপক বৃষ্টির শঙ্কা এবার নেই। ঢাকাসহ সমুদ্র উপকূল থেকে উপরিভাগের এলাগুলোতে বৃষ্টির শঙ্কা তেমন নেই। তবে ঈদের দু-তিনদিন আগে আরও বিস্তারিত বলা যাবে।’

এদিকে রবিবার সন্ধ্যা ৬ টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘু চাপের সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর। লঘুচাপটি সৃষ্টি হলে সারাদেশেই বৃষ্টির মাত্রা বাড়বে।

এটি পরবর্তীতে নিম্নচাপে পরিণত না হলেও তার কাছাকাছি যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আফতাব উদ্দিন।

কয়েকদিন ধরে সারাদেশেই বৃষ্টি কম হলেও শনিবার অনেক  এলাকাতেই বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির মাত্রা কম ছিল। এদিন রাজধানীতেও প্রায় ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে টেকনাফে ৫১ মিলিমিটার। বৃষ্টি কম হয়েছে রাজশাহী ও রংপুরে।

রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা রয়েছে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-একটি জায়গাতেও। কিছু এলাকায় হতে পারে মাঝারি মাত্রার ভারি বর্ষণও।

অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমী বায়ু শনিবার পর্যন্ত বাংলাদেশের উপর কম সক্রিয় থেকে মোটামুটি সক্রিয় অবস্থায় পৌঁছেছে। এটি দু-একদিনে সক্রিয় অবস্থায় পৌঁছতে পারে। তখন বৃষ্টির পরিমাণও বেড়ে যাবে। রবিবার কাল পর্যন্ত পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আগামী ৪-৫ দিন তা অব্যাহত থাকতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত