রামগঞ্জ-হাজীগঞ্জ-সোনাইমুড়ি খাল (বিরেন্দ্রখাল) এর দেড় কিলোমিটার অংশের ময়লা-আবর্জনা, কচুরিপানা, কচুগাছ পরিষ্কার ও সংস্কার দাবিতে স্বেচ্ছাসেবী সংগঠন রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাব মানববন্ধন করেছে।
সোমবার বেলা ১২টায় রামগঞ্জ বাইপাস সড়ক ও রামগঞ্জ মুক্তিযোদ্ধা মঞ্চের সামনে সংগঠনের সদস্যরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এসময় বক্তারা শহরের উপর দিয়ে বয়ে চলা রামগঞ্জ-হাজীগঞ্জ খালের মাত্র দেড় কিলোমিটার পরিষ্কার ও সংস্কার দাবি করে জানান, অতি দ্রুত যদি খালটি সংস্কার না করা হয় তাহলে পুরো উপজেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়বে। খাল সংস্কারে বক্তারা রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারীর দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধন কর্মসূচি চলাকালে রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান বলেন, স্থানীয় এলাকাবাসীর সহযোগিতা পেলে খুব শিগগিরই খাল সংস্কার করা হবে।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জাহীদ হাসান পাভেলের সঞ্চালনায় ও সভাপতি মো. ফারুক হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ রায়হানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক সাঈদ আলম শাহীন, নির্বাহী সদস্য রাসেল মাসুম, শাহ আলম শাহেদ, তানভীর হোসেন, রাজিব হোসেন, মো. শুভ, মো. সবুজ প্রমুখ।
