কমিটি নিয়ে দ্বন্দ্বের অবসানে ছাত্রদলের বিক্ষুব্ধ অংশের নেতাদের সঙ্গে স্কাইপি সংলাপে বসতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংলাপ হওয়ার কথা রয়েছে।
ছাত্রদলের বিক্ষুব্ধ অংশের নেতা বিলুপ্ত কমিটির সহসভাপতি ইখতিয়ার কবির দেশ রূপান্তরকে বলেন, গুলশান কার্যালয়ে ছাত্রদল নেতাদের থাকতে বলা হয়েছে। কমিটি গঠন নিয়ে স্কাইপিতে কথা বলবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
প্রসঙ্গত, বয়সসীমা নির্ধারণ না করে ধারাবাহিক কমিটি গঠনের দাবিতে আন্দোলন করে আসছে ছাত্রদলের একাংশ। এনিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা, সংঘর্ষ এবং কয়েক নেতাকে হেনস্তার ঘটনাও ঘটে।
পরে বিষয়টি সুরাহা করতে দলের কয়েকজন স্থায়ী কমিটির সদস্যকে দায়িত্ব দেওয়া হয়। এনিয়ে কয়েক দফা বৈঠক হলেও এখন পর্যন্ত কোনো সমাধান আসেনি।
সর্বশেষ ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজীব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের দুই বছর মেয়াদি কমিটি দেওয়া হয়।
গত ৩ জুন বিএনপি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ ওই কমিটি ভেঙে কাউন্সিলে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ২০০০ সালের পরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত আরোপ করা হয়। এরপর বয়সসীমা উঠিয়ে দেওয়ার দাবিতে ১০ জুন থেকে বিক্ষোভ করে আসছে ছাত্রদল নেতাকর্মীদের একাংশ।
