রাত বিরাতে তরুণীদের চলাচল অনিরাপদ হয়ে যাচ্ছে। দেশে বিদেশে কোথাও স্বস্তিতে নেই মেয়েরা। এবার গভীর রাতে নিরিবিলি রাস্তায় যৌন লালসার শিকার হলেন এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী।
জানা যায়, ধর্ষণের অভিযোগে ক্যাব চালকের বিরুদ্ধে থানায় মামলা করেন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের একুশ বছর বয়সী এক ছাত্রী।
থানায় দায়ের করা নিগৃহীতার অভিযোগ থেকে জানা গিয়েছে, শুক্রবার নৈশ পার্টি থেকে ফেরার সময়, নিরিবিলি রাস্তায় এক ক্যাব-চালক জোর করে তাকে গাড়িতে তোলে। গাড়ির মধ্যেই তাকে ধর্ষণ করা হয়। এর পর, তিন ঘণ্টা রাজধানীর রাজপথ ঘুরিয়ে, ভোররাতে একটি পার্কের সামনে ওই ছাত্রীকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত চালক।
শনিবার ভোরে প্রাতর্ভ্রমণে বেরোনো লোকজন অর্ধ-অচেতন অবস্থায় ওই তরুণীকে পার্কের সামনে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
দিল্লি পুলিশ মেডিকেল রিপোর্টের উল্লেখ করে সোমবার জানিয়েছে, ওই ছাত্রীকে যৌন নিগ্রহ করা হয়েছে। ঘটনার তিন দিন পরেও অভিযুক্ত ওই ক্যাব-চালককে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
