সিঙ্গাপুর থেকে এক বাংলাদেশি পুরুষকে পাচার করার সময় মালয়েশিয়ার দুই নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
সিঙ্গাপুরের ইংরেজি দৈনিক দ্য স্ট্রেইটস টাইমস জানিয়েছে, ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথোরিটিস সোমবার স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে একটি গাড়ি থেকে ওই দুই নারীকে গ্রেপ্তার করে।
উডল্যান্ডস চেক পয়েন্টে গাড়িটি থামানোর পর পেছনের ‘কারবুটে’ এক ব্যক্তিকে শুয়ে থাকতে দেখতে পান পুলিশ সদস্যরা।
গাড়িটি চালাচ্ছিলেন ২৮ বছর বয়সী এক তরুণী। সঙ্গে ছিলেন ৩৩ বছরের আরেক মালয়েশীয় নারী।
সিঙ্গাপুরের অভিবাসী আইনে এভাবে মানবপাচার অপরাধের পর্যায়ে পড়ে। এ জন্য অভিযুক্তদের দুই বছর পর্যন্ত জেল হতে পারে। শুধু নয়, অভিযোগ প্রমাণিত হলে দিতে হতে পারে কয়েক লাখ টাকা জরিমানাও।
সিঙ্গাপুর থেকে এভাবে মানুষ পাচার করার অভিযোগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আরও চার মালয়েশীয়কে গ্রেপ্তার করা হয়। সেবার গাড়ির ‘কারবুটে’ করে মিয়ানমারের এক নাগরিককে সিঙ্গাপুরের বাইরে নেওয়ার চেষ্টা করেছিলেন অভিযুক্তরা।
