আসল মামলার বিচার বিচারকেরা করতে পারেন না: মিন্টু

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ১১:০৭ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু অভিযোগ করে বলেছেন, সরকার এখন গায়েবি মামলা দিয়ে বিএনপি নেতাদের হয়রানি করছে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, আমার কাছে মনে হয় এদেশের বিচারকগণ এখন গায়েবী মামলার বিচারক। আসল মামলার বিচার উনারা করতে চান, করতে পারেন না এবং করবেনও না।

মিন্টু বলেন, আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসার কথা ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন । অথচ সকাল থেকে তিনি কোর্টে বসে আছেন। কী জন্যে ? কারণ গত সোমবার নাকি তিনি কার অনুভূতিতে আঘাত দিয়েছেন। সে জন্য একটা গায়েবি মামলা করা হয়েছে। এরকম গায়েবি মামলায় নেতাদের হয়রানি করা হচ্ছে প্রতিনিয়ত।

প্রসঙ্গত, জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দকী গত ৫ আগস্ট ঢাকার মহানগর হাকিম আদালতে তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেন। ভয়ভীতি দেখানো এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এনে এই মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, এই সরকার বৈধ সরকার নয়। তারা শুধু একটা জিনিসেই পারদর্শী, জনগণের সেবা নয় সেটা হলো মানুষের ওপর অত্যাচার-নির্যাতন-মিথ্যা মামলা দায়ের করা। গণতন্ত্র না থাকাতেই আজকে আমরা কোনো বিচার পাচ্ছি না। সেজন্য আজকে অন্যায়ভাবে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আটকিয়ে রাখা হচ্ছে, তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। ওনার মুক্তি ছাড়া দেশে গণতন্ত্র ফিরে আসবে না। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত