নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের ধাওয়া খেয়ে লিটন (৩০) নামের এক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি পানিতে ডুবে মারা গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এলাকায় এ ঘটনা ঘটে। লিটন চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার আব্দুল মালেকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লিটন মাদক ব্যবসায়ী ও সেবনকারী। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদক মামলায় পরোয়ানা রয়েছে। পলাতক আসামি লিটন দুপুরে চনপাড়া এলাকায় অবস্থান করছিল বলে পুলিশ খবর পায়। পরে চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শামিম আল-মামুনসহ একদল পুলিশ লিটনকে গ্রেপ্তার করতে অভিযান চালায়। এ সময় লিটন টের পেয়ে দৌড়ে পালাতে গিয়ে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ডোবায় লাফ দেয়। এতে সে পানিতে ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় ডেমড়া ফায়ার সার্ভিসের একদল ডুবুরি প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেলে লিটনের লাশ উদ্ধার করে।
