পদ্মা অববাহিকায় উত্তাল ঢেউ ও তীব্র স্রোতের কবলে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। বুধবার বেলা ১২টার দিকে নৌরুটে চলাচলরত ১৯টি ফেরি, ৮৭টি লঞ্চ ও ৫ শতাধিক স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ অবস্থায় শিমুলিয়া ঘাটে সহস্রাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলিম জানান, তীব্র স্রোতের কবলে উত্তাল পদ্মায় দক্ষিণবঙ্গের এ নৌরুটে মঙ্গলবার দিবাগত গভীর রাত থেকেই ফেরি চলাচল ব্যাহত হয়ে আসছে। বুধবার সকালের দিকে মাত্র ৪টি ফেরি চলাচল করে। তবে লঞ্চ ও স্পিডবোট চলাচল সকাল থেকেই বন্ধ থাকে। পরবর্তীতে বেলা ১২টার দিকে লঞ্চ ও স্পিডবোটের পাশাপাশি ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।
এছাড়া তীব্র ঢেউয়ের কবলে শিমুলিয়াঘাটের ২, ৩ ও ৪ নম্বর ফেরি ঘাটের পল্টুন নির্দিষ্ট স্থান থেকে সরে গেছে।
বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাটের নৌ-পরিদর্শক মো. সোলেমান জানান, সকাল থেকেই শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ ও সিবোট চলাচল বন্ধ আছে। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত লঞ্চ চলাচল শুরু হবে না বলে জানান তিনি।
